‘আমি আলিয়া বা দীপিকা নই’! পুরুষকেন্দ্রিক ছবির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৮:২৬:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৮:২৬:০৬ অপরাহ্ন
রাখঢাক করে কথা বলতে পছন্দ করেন না রাধিকা আপ্‌টে। বলিউডের পুরুষ অভিনেতাদের আধিপত্য, নারীপ্রধান ছবির নানাবিধ চ্যালেঞ্জ, বক্সঅফিসের অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। শুধুমাত্র আলিয়া ভট্ট ও দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রী থাকলে তবেই ছবি শুরু থেকে সফল হয় বলে মনে করেন তিনি।

বলিউডে নারীকেন্দ্রিক ছবির ভবিষ্যৎ নিয়ে বার বার প্রশ্ন উঠছে। এ ব্যাপারে রাধিকার বক্তব্য, গল্প, চিত্রনাট্য, অভিনয় ভাল হলেই যে ছবি ভাল ব্যবসা করতে পারবে, তার কোনও নিশ্চয়তা নেই। বিশেষ করে, সে ছবির কেন্দ্রে যদি কোনও অভিনেত্রী থাকেন, তা হলে বাণিজ্যিক সাফল্য নিয়ে নির্মাতাদের অনেক ভাবতে হয়।

সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা জানান, কোনও ছবি বা সিরিজ় প্রেক্ষাগৃহ না ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে, সে সব ভেবে তিনি কাজ বাছেন না। কাজটা দর্শকের কাছে পৌঁছোনোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে অভিনেত্রী মনে করেন, মুক্তির মাধ্যম নির্ধারণের পিছনে নানা বাণিজ্যিক সিদ্ধান্ত কাজ করে।

রাধিকার মতে, বক্সঅফিসের কথা মাথায় রেখেই পুরুষ চরিত্র প্রাধান্য পায়। আর বলিউড অভিনেত্রীদের সে ক্ষেত্রে বাছাইয়ের কোনও সুযোগ থাকে না। তাঁর কথায়, “গত কয়েক বছরে প্রেক্ষাগৃহ মুক্তিপ্রাপ্ত ছবির তালিকা দেখলেই বোঝা যাবে,কোন ছবি চলবে আর কোন ছবি চলবে না, তা আগে থেকে অনুমান করা কঠিন। খুব ভাল কোনও ছবিতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করলেই যে সফল হবে, তার কোনও নিশ্চয়তা নেই।”

তিনি আরও বলেন, “আমি আলিয়া বা দীপিকা নই যে, মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই অন্তত বক্সঅফিসে বিপুল আয় করা শুরু করবে। সেজন্যই পুরুষ চরিত্র প্রাধান্য পাচ্ছে, এ রকম ছবিতেই আমাকে কাজ করতে হবে।”

‘স্যাক্রেড গেমস’, ‘লাস্ট স্টোরিজ় ৩’, ‘মোনিকা ও মাই ডার্লিং’-এর মতো একাধিক সিরিজ়ে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন রাধিকা। নেটফ্লিক্সের নতুন সিরিজ় ‘আক্কা’-তে দেখা যাবে তাঁকে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com