২৩ বছর পর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার রায় ঘোষণা

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৫:৩৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৫:৩৯:১৩ অপরাহ্ন
জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার দীর্ঘ ২৩ বছর পর মোজাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের দিলীপ কুমার মাঝির স্ত্রীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই গ্রামের মোজাম। বিষয়টি দিলীপ কুমার ও তার পরিবারের লোকজন জানতে পেরে প্রতিবাদ করলে মোজাম ক্ষিপ্ত হন এবং তাকে মারধর করেন।

এরই জেরে ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ কুমার প্রাকৃতিক প্রয়োজনে ঘরের বাইরে গেলে মোজাম ও তার এক সহযোগী বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা দিলীপের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। পরে দিলীপ ঘরে ফিরে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরদিন পাঁচবিবি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com