নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আজিজের ছেলে পুলিশ হেফাজতে

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৬:০১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৬:০১:১০ অপরাহ্ন
নাটোরের গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের ছেলে মো. নুরুজ্জামান মিন্টকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে হেফাজতে নেয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। তিনি উপজেলার কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে নূর অ্যাকাডেমির সামনে পৌঁছালে হেলমেট পরা অবস্থায় দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। শাকিল গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় মোটরসাইকেল নিয়ে ধাওয়া দেয় দুর্বৃত্তরা। পরে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। এ সময় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে শাকিলের শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com