রাজশাহীতে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা, ২৯ অক্টোবর শুরু

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৬:০১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৬:০১:৫১ অপরাহ্ন
রাজশাহীতে আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬। নয় দিনব্যাপী এ বইমেলা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। রাজশাহী কালেক্টরেট মাঠে আয়োজিত এ মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও সংস্থার মোট ৮৯টি স্টল থাকবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রাজশাহী বিভাগীয় প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এ বইমেলার আয়োজন করা হচ্ছে।

মেলায় বাংলা একাডেমি, কবি নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং জাতীয় গ্রন্থকেন্দ্রসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান ও সংস্থার স্টল থাকবে।

আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩টায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। আগামী ৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার।

বইমেলা প্রতিদিন কর্মদিবসে দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলাকালে প্রতিদিন প্রাঙ্গণে আলোচনা সভা, সেমিনার, বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আট জেলার জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ বইমেলার মাধ্যমে বই ও পাঠাভ্যাসের প্রসার, সৃজনশীল প্রকাশনার বিকাশ এবং পাঠক, লেখক ও প্রকাশকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টিতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লিখিত বক্তব্য উপস্থাপনের পর আয়োজকেরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বইমেলা সফল ও সার্থকভাবে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণায় সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়ালা নাসরিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী ও বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com