আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৮:৩৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৮:৩৯:১০ অপরাহ্ন
নওগাঁর আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামের দুই শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে শিশু দুটি আত্রাই থানা হেফাজতে সম্পূর্ণ নিরাপদে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের মৃত আলহাজ্ব ও মোছা. বিলকিস বেগমের এই দুই সন্তানকে 'সুজন' নামে এক ব্যক্তি আত্রাইয়ে নিয়ে আসেন। পরবর্তীতে সুজন সুকৌশলে তাদের আত্রাই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। 

এর পর শিশুদের কান্নাকাটি ও ঘোরাঘুরি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা এগিয়ে যান। তবে শিশু দুটি তাদের মায়ের নাম ও গ্রামের নাম ছাড়া সুনির্দিষ্ট ঠিকানা বা অন্য কোনো বিস্তারিত তথ্য বলতে পারছে না। পরে স্থানীয় লোকজন দ্রুত শিশু দুটিকে উদ্ধার করে আত্রাই থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে আত্রাই থানার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে তারা সম্পূর্ণ নিরাপদ এবং পুলিশ হেফাজতে রয়েছে। শিশু দুটির পরিবারের ও স্বজনদের পরিচয় ও সন্ধান পেতে আমাদের আইনগত চেষ্টা ও যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, কোনো ব্যক্তি যদি এই শিশু দুটির পরিবার বা স্বজনদের চিনে থাকেন অথবা তাদের বিষয়ে কোনো তথ্য জানা থাকে, তবে অতি দ্রুত আত্রাই থানায় যোগযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com