নওগাঁয় ১৯০০ কেজি সরকারি চাল জব্দ, ‘মাশুল’ গুনলেন ১১ ব্যবসায়ী

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৫:৩৯:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৫:৩৯:১৯ অপরাহ্ন
নওগাঁর বদলগাছী উপজেলায় দুস্থ নারীদের জন্য বরাদ্দ ভিডাব্লিউবি (VWB) কর্মসূচির ১ হাজার ৯০০ কেজি চাল অবৈধভাবে কেনা ও মজুত করার অভিযোগে ১১ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে উপজেলা প্রশাসন।

পরদিন বুধবার (২৮ অক্টোবর) এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

​স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় অসচ্ছল ও দুস্থ নারীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, চাল পাওয়ার পর অনেক উপকারভোগী পরিষদের বাইরে থাকা কিছু অসাধু ব্যবসায়ীর কাছে কম দামে তা বিক্রি করে দেন। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে এবং ১ হাজার ৯০০ কেজি চাল উদ্ধার করে জব্দ করে।

​কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনূর ইসলাম স্বপন জানান, ঘটনার সময় তিনি দাপ্তরিক কাজে বাইরে ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি বলেন, উপকারভোগীরা পরিষদ থেকে চাল উত্তোলনের পর বাইরে বিক্রি করেছেন। ইউনিয়ন পরিষদের ভেতরে চাল বিক্রির কোনো ঘটনা ঘটেনি।

​এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বলেন, অবৈধভাবে চাল কেনাবেচার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় ১১ জন ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। জব্দকৃত ১ হাজার ৯০০ কেজি চাল বর্তমানে প্রশাসনের নিরাপদ হেফাজতে রয়েছে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কোলা ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দেওয়া হয়েছিল।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com