প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৮:০৬:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৮:০৬:১০ অপরাহ্ন
শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের উপযোগী খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর খেলোয়াড় বাছাই কার্যক্রম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার গোগর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় ও রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রতিভাবান শিশু-কিশোরেরা অংশ নেয়।

গোগর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে বাছাই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্য থেকেই একদিন দেশের মুখ উজ্জ্বল করা ক্রীড়াবিদ তৈরি হবে। সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো, শিশুরা যেন খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নতুন কুঁড়ি স্পোর্টসের সদস্যসচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন ও আব্দুস সালাম।

অন্যদিকে, রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলোয়াড় বাছাই কার্যক্রমে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, শিক্ষক সমিতির সম্পাদক মোশারফ হোসেন ও সহকারী শিক্ষক কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা চিহ্নিত করে তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তৃণমূল থেকে যোগ্য খেলোয়াড় উঠে আসার পথও সুগম হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com