গ্রিন ও ক্লিন সিটি হিসেবে রাজশাহীর ভূয়সী প্রশংসা করলেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়র

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৫:৩৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৫:৩৯:০৮ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র মিস শার্লট বেকম্যান ফিনস্ট্যাড (Ms. Charlotte Beckmann Finnestad)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনে প্রশাসকের দপ্তরকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাজশাহী ও ক্রিস্টিয়ানস্যান্ড শহরের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা, নগর উন্নয়ন এবং দুই শহরের মধ্যে অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় দুই শহরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে রাজশাহী নগরীর ভূয়সী প্রশংসা করেন ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র। নগর উন্নয়ন ও পরিচ্ছন্নতা রক্ষায় রাজশাহীর উদ্যোগের প্রশংসার পাশাপাশি দুই শহরের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক পরস্পরের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

এ সময় ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের অ্যাডভাইজর ওডা ওলাইন ওমডাল (Oda Oline Omadal), ক্রিস্টিয়ানস্যান্ড-রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে (Dag Qyulfvige), ক্রিস্টিয়ানস্যান্ড সিটি স্কুলের সিনিয়র অ্যাডভাইজর জন আইনার কোভাম (John Einar Kvam), স্ট্রমী ফাউন্ডেশনের চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সিনিয়র অ্যাডভাইজর কিয়ালস্টেইন মেলহুস ভেনাস (Qystein Melhus Venas), স্ট্রমী ফাউন্ডেশনের সিনিয়র অ্যাডভাইজর ও এশিয়া প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টিয়ান নিউম্যান (Christian Neumann), স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, রাজশাহী-ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজুসহ রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com