প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৭:০১:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৭:০১:২৩ অপরাহ্ন
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এবার প্রেমের সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুলেছেন অভিনেত্রী। একই সঙ্গে জানিয়েছেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ের কোনো পরিকল্পনা নেই তার।

করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন জাহ্নবী। এ সময় শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে কি না, জানতে চান করণ। জবাবে কোনো রাখঢাক না করেই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, করছি।’

তবে ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আলোচনা করতে চান না জাহ্নবী। তার মতে, ব্যক্তিগত বিষয় নিয়ে সব সময় লুকোচুরি করারও কোনো অর্থ নেই। সম্পর্কের বিষয়টি নিয়ে অহেতুক গোপনীয়তা বজায় রাখাকে বিরক্তিকর বলেও মনে করেন তিনি।

শিখরের প্রতি নিজের ভালোবাসা ও আস্থার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। জাহ্নবী জানান, তার মা ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর খবর শুনে শিখর লন্ডন থেকে মুম্বাইয়ে ছুটে এসেছিলেন। সে সময় একটি সেমিস্টারের পরীক্ষাও দিতে পারেননি তিনি। জাহ্নবীর পাশে থাকার জন্য এক বন্ধুর বাড়িতে ওঠেন শিখর, যাতে যেকোনো প্রয়োজনে তার পাশে থাকতে পারেন।

শিখরের এই সহযোগিতা ও পাশে থাকার বিষয়টি যে জাহ্নবীর কাছে বিশেষ গুরুত্ব বহন করে, তা তার বক্তব্যেই স্পষ্ট। প্রেমের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেও বিয়ের বিষয়ে আপাতত তাড়াহুড়ো করতে চান না অভিনেত্রী।

বিয়ের পরিকল্পনা সম্পর্কে জাহ্নবী জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো ইচ্ছা নেই তাদের। আপাতত নিজেদের সম্পর্ক নিয়ে ভালো আছেন দুজন।

এদিকে, অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী কাপুর। সর্বশেষ তাকে তেলুগু সিনেমা ‘পেড্ডি’তে দেখা গেছে, যেখানে তার সহশিল্পী ছিলেন রাম চরণ। তবে সিনেমাটি প্রত্যাশিত সাড়া পায়নি। পাশাপাশি সিনেমায় জাহ্নবীর উপস্থিতি ও তাকে ‘সেক্স সিম্বল’ হিসেবে উপস্থাপনের বিষয়টি নিয়েও সমালোচনা হয়েছে।

বর্তমানে জাহ্নবীর হাতে রয়েছে ‘লাগ যা গলে’, ‘রাকা’সহ আরও একটি নাম চূড়ান্ত না হওয়া সিনেমা। সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও ব্যস্ত সময় কাটছে এই বলিউড অভিনেত্রীর।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com