​শেরপুরে মাইকিং করে লোক জড়ো, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত পুলিশসহ বেশ কয়েকজন

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৬:৩০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৬:৩০:৩৪ অপরাহ্ন
শেরপুরে মাইকিং করে লোকজন জড়ো করার পর দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে প্রায় সাড়ে চার ঘণ্টা শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাতপাকিয়া পাইকারি কাঁচাবাজারে সবজি বহনকারী একটি গাড়ির সঙ্গে শরীরে ঘষা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ ঘটনার জেরে সাতপাকিয়া এলাকার কয়েকজন ব্যক্তি ডাকপাড়া এলাকার এক কৃষককে মারধর করেন। এ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষের আশঙ্কায় শুক্রবার রাতেই মাইকিং করে শনিবার সকালে লোকজনকে জড়ো হওয়ার ঘোষণা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় শনিবার সকালে দুই গ্রামের বাসিন্দারা মহাসড়কের দুই পাশে অবস্থান নেন।

একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে ইটের আঘাতে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

এদিকে সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকায় সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com