পেড্ডি বিতর্কে মুখ খুললেন জাহ্নবী

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ১১:০৭:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ১১:০৭:২৬ অপরাহ্ন
সিনেমার পর্দায় নারীর সৌন্দর্য তুলে ধরা আর তাঁকে পণ্য হিসেবে উপস্থাপন করা এক বিষয় নয়। এই দুইয়ের পার্থক্য নির্মাতাদের বোঝা উচিত বলে মনে করেন অভিনেত্রী জাহ্নবী কপূর। দক্ষিণী ছবি পেড্ডি’র একটি গানে নিজের উপস্থাপনা নিয়ে সমালোচনার মুখে পড়ে এবার অনুশোচনার কথা জানালেন তিনি। অভিনেত্রীর কথায়, ওই ঘটনার লজ্জা হয়তো আমাকে সারাজীবন বয়ে বেড়াতে হবে।

সম্প্রতি কফি উইথ করণ-এর নবম সিজ়নে হাজির হয়ে প্রথমবার এ বিষয়ে মুখ খোলেন জাহ্নবী। রাম চরণের বিপরীতে পেড্ডি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবির একটি গানে তাঁর শরীরী ভঙ্গি নিয়ে সমাজমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ট্রোলিংয়ের শিকার হন অভিনেত্রী।

জাহ্নবী জানান, গানের দৃশ্যে তাঁকে পণ্যের মতো উপস্থাপন করা হচ্ছে, তা তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু সেই সময় প্রতিবাদ করেননি। তাঁর কথায়, গানের দৃশ্যায়নে সমস্যা ছিল, যৌনতার প্রদর্শন ছিল। সেখানে আমি আপত্তি জানাতে পারতাম। বিশেষ করে, পারিবারিক পরিচয়ের কারণে ইন্ডাস্ট্রিতে আমি যেখানে সুবিধাজনক অবস্থানে রয়েছি।

কেন প্রতিবাদ করেননি, তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, একটি ছবির সঙ্গে অনেক মানুষের পরিশ্রম ও পেশাগত দায়বদ্ধতা জড়িয়ে থাকে। সেই কারণেই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে ঘটনার দায় অন্যের ওপর চাপাতে চান না জাহ্নবী। নিজের দায়ও এড়িয়ে যাচ্ছেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে জাহ্নবীর পাশে দাঁড়ান সঞ্চালক করণ জোহর। ট্রোলিংয়ের মুখে অভিনেত্রীর মানসিক দৃঢ়তার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে পর্দায় নারীদের যৌনবস্তু হিসেবে উপস্থাপন করা হলে অভিনেত্রীদেরও প্রতিবাদ করা উচিত বলে মন্তব্য করেন করণ।

উল্লেখ্য, সমাজমাধ্যমে সমালোচনার পর ওটিটিতে ছবিটি মুক্তির সময় ‘পেড্ডি’র বিতর্কিত গানের কিছু অংশ বাদ দেওয়া হয়। এ ঘটনায় ছবির পরিচালক বুচি বাবু সানাও ক্ষমা চেয়েছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com