নারায়ণগঞ্জে ট্রাক থেকে ৯ হাজার ৮৭০ ইয়াবা উদ্ধার, রাজশাহীর দুই যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৮:৩০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৮:৩০:৫৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকে করে ইয়াবা পাচারের সময় ৯ হাজার ৮৭০টি ইয়াবা ট্যাবলেটসহ রাজশাহীর দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া এলাকার ইয়াদুল ইসলাম (৪০) এবং বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার নয়ন ইসলাম (২৪)।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর সিপিএসসি এবং এসআরবি-১১, নারায়ণগঞ্জের সদর কোম্পানির যৌথ দল মদনপুর এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮৭০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে ট্রাকে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ঢাকা মেট্রো-ট-১৬-৩৪৮১ নম্বরের হলুদ-নীল রঙের ট্রাকটি জব্দ করা হয়েছে।

এসআরবি আরও জানায়, গ্রেপ্তার দুজনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা মাদক ও জব্দ করা ট্রাকসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com