নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৮:৩৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৮:৩৮:০৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বাড়ির কাছেই দৌড়াতে (জগিং) গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক তরুণী। গুরুতর আহত কেটি সুয়ারেজ বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। ঘটনাটিকে আপাতদৃষ্টিতে পরিকল্পনাহীন হামলা বলে মনে করছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে ব্রুকলিনের বেল্ট পার্কওয়ের পাশের জলপথ ধরে দৌড়াচ্ছিলেন সুয়ারেজ। এ সময় তিনি বাবাকে ফোন করে জানান, বাড়ি থেকে প্রায় আধা মাইল দূরে রয়েছেন। কিন্তু নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে তার বাবা রাস্তার পাশে গলায় ছুরিকাঘাতের ক্ষতসহ তাকে পড়ে থাকতে দেখেন।

নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান জো কেনি জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ ফুট পর্যন্ত রক্তের দাগ পাওয়া গেছে। হামলার পর সুয়ারেজের কোনো জিনিসপত্র খোয়া যায়নি। যৌন নিপীড়নেরও কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ব্রুকলিনের বাথ বিচ ও বেনসনহার্স্ট এলাকার কাছে শোর পার্কওয়ে গ্রিনওয়ে নামের পথটিতে এ হামলা ঘটে। ওই এলাকায় কোনো নজরদারি ক্যামেরা নেই। তবে ঘটনার সময় ওই সড়ক দিয়ে প্রায় ১ হাজার ৭০০ গাড়ি চলাচল করেছিল বলে গাড়ির নম্বর শনাক্তকরণ যন্ত্রের তথ্য থেকে জানা গেছে। এসব গাড়ির চালকদের মধ্যে কারও গাড়িতে থাকা ক্যামেরায় হামলার কোনো দৃশ্য ধারণ হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫৬ মিনিট থেকে রাত ৮টা ১২ মিনিটের মধ্যে বেল্ট পার্কওয়ের পূর্বমুখী সাইকেলপথের বে এইট স্ট্রিট ও বে সেভেনটিন স্ট্রিট এলাকার আশপাশে কেউ সুয়ারেজকে দেখে থাকলে বা তার সঙ্গে কোনো ব্যক্তির কথোপকথন হয়ে থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

তথ্য দিয়ে হামলাকারীকে গ্রেপ্তারে সহায়তা করতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। তথ্য জানাতে নিউইয়র্ক পুলিশের ১-৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com