ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের জন্ম, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৯:৫১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৯:৫১:০৮ অপরাহ্ন
অভাবের কাছে চিকিৎসার আশা যখন প্রায় নিভে যাওয়ার পথে, তখন অসহায় মায়ের বুকফাটা কান্না হয়ে উঠল সাহায্যের শেষ আবেদন। প্রসব বেদনায় কাতর মেয়েকে নিয়ে উপজেলা পরিষদের ফটকে দাঁড়িয়ে সেই মায়ের কান্না ছুঁয়ে গেল মানুষের হৃদয়। আর সেই আর্তনাদে সাড়া দিলেন তরুণ ছাত্রদল নেতাকর্মীরা ও উপজেলা প্রশাসন।

তাদের সম্মিলিত মানবিক উদ্যোগে শেষ পর্যন্ত নিরাপদে পৃথিবীর আলো দেখল এক নবজাতক। দুঃসময়ে অসহায় একটি পরিবারের পাশে দাঁড়িয়ে রাণীশংকৈলে সৃষ্টি হলো মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিক পর্যন্ত ঘটে এই হৃদয়স্পর্শী ঘটনা। খোঁজ নিয়ে জানা যায়, রাণীশংকৈল পৌর শহরের নয়নপুর মহল্লার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাধবী কর্মকারের মেয়ে সাগরিকা। কয়েক মাস আগে স্বামীকে হারিয়ে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলেও চরম আর্থিক সংকট ও স্বজনহীনতায় চিকিৎসার ব্যবস্থা করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। অসহায় হয়ে মেয়ে সাগরিকাকে নিয়ে উপজেলা পরিষদে সহায়তার আশায় ছুটে আসেন মা মাধবী কর্মকার।কিন্তু উপজেলা পরিষদে পৌঁছানোর পর প্রসব বেদনায় মেয়ের ছটফটানি দেখে নিজেকে আর সামলে রাখতে পারেননি তিনি। উপজেলা পরিষদের মূল ফটকেই কান্নায় ভেঙে পড়েন। অসহায় মায়ের সেই আর্তনাদ যেন মুহূর্তেই ভারী করে তোলে চারপাশের পরিবেশ। ঠিক সেই সময় এগিয়ে আসেন উপজেলা ছাত্রদলের নেতা রাব্বি হোসেনসহ কয়েকজন নেতাকর্মী। মায়ের কান্না ও সাগরিকার শারীরিক অবস্থা দেখে তারা দ্রুত তাকে স্থানীয় মাতৃসেবা ক্লিনিকে ভর্তি করেন। পাশাপাশি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্লিনিকে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ইশরাত জাহান। সেখানে সাগরিকার চিকিৎসার খোঁজখবর নেন। পরিবারের আর্থিক অসহায়ত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে সহায়তাও প্রদান করেন তিনি। একই সঙ্গে ক্লিনিক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। ছাত্রদল নেতাকর্মীদের তাৎক্ষণিক উদ্যোগ এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবশেষে নিরাপদ প্রসবের মাধ্যমে জন্ম নেয় একটি ফুটফুটে নবজাতক। দীর্ঘ উৎকণ্ঠা, অসহায়ত্ব আর অনিশ্চয়তার পর নতুন প্রাণের আগমনে স্বস্তি ফিরে আসে পরিবারটিতে।

ঘটনার অনুভূতি জানাতে গিয়ে ছাত্রদল নেতা রাব্বি হোসেন বলেন, “মাধবী মাসির কান্নার শব্দ শুনে আমরা আর স্থির থাকতে পারিনি। সাগরিকার অবস্থা জানার পর দ্রুত তাকে ক্লিনিকে ভর্তি করি এবং ইউএনও মহোদয়কে বিষয়টি জানাই। এমন একটি মানবিক কাজের অংশ হতে পেরে আমাদের হৃদয় প্রশান্তিতে ভরে গেছে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ইশরাত জাহান বলেন, “অন্তঃসত্ত্বা সাগরিকার অসহায়ত্বের কথা শোনামাত্রই আমি ক্লিনিকে ছুটে যাই। ক্লিনিক কর্তৃপক্ষকে তার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি এবং ব্যক্তিগতভাবে কিছুটা সহায়তা করেছি। বিশেষ করে আমাদের ছাত্র ভাইয়েরা অত্যন্ত চমৎকার ভূমিকা পালন করেছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রশাসন ও যুবসমাজ এভাবেই ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবে।” নবজাতকের নিরাপদ জন্ম ও সুচিকিৎসার ব্যবস্থা হওয়ায় অশ্রুসজল চোখে ইউএনও এবং ছাত্রদল নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন নবজাতকের নানি মাধবী কর্মকার। এ মানবিক উদ্যোগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি অসহায় পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়ানোর এই ঘটনা আবারও মনে করিয়ে দিল—মানবিকতা কোনো পদ-পদবি কিংবা পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় পরিচয়। উপজেলা পরিষদের ফটকে এক মায়ের কান্না থেকে শুরু হওয়া এই মানবিক উদ্যোগ শেষ পর্যন্ত একটি নতুন প্রাণের নিরাপদ আগমনের আনন্দে রূপ নেয়। রাণীশংকৈলের এই ঘটনা হয়ে থাকল প্রশাসন, তারুণ্য ও মানবিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com