দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ১০:১১:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ১০:১১:৩৯ অপরাহ্ন
দেশে সারের কোনো সংকট নেই। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে ৩৫ শতাংশ বেশি সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগের আট জেলার কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে সার পাচারের কারণে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা হয়। এ ধরনের পাচার রোধে প্রশাসন, পুলিশ ও বিজিবিকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সার ডিলারদের সতর্ক করে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে বরাদ্দের সার উত্তোলন না করলে ডিলারদের খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। দুর্নীতি, লাইসেন্স ভাড়া বা হস্তান্তরের প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিদিন সকাল ৯টার মধ্যে দোকান খোলা এবং বিকেল ৫টার আগে বন্ধ না করার নির্দেশ দেন তিনি।

কৃষি উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় সুষম সার ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে কৃষকদের সচেতন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাইদ চাঁদ। এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, বিএমডিএর নির্বাহী পরিচালক, আরএমপি কমিশনার, জেলা প্রশাসকসহ আট জেলার কৃষি কর্মকর্তা, সার ডিলার সমিতির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার সরবরাহ ও তদারকি পরিস্থিতি তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com