অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। কারণ দর্শানোর নোটিশের নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক আনুষ্ঠানিক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। তানজিন তিশাকে পাঠানো চিঠিটির তারিখ ৪ অক্টোবর। এতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময় পার হলেও ওই নোটিশের কোনো লিখিত জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি তিনি।
এ ছাড়া বিষয়টি নিয়ে সালিশ ও বিরোধ নিষ্পত্তি বৈঠকেও আলোচনা হয়। ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
পরে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অভিনেত্রীকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তানজিন তিশার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা উল্লেখ করা হয়নি।