ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৩৩, নারী ও শিশুই বেশি

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৪:৫৮:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৪:৫৮:২৯ অপরাহ্ন

ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম।

শনিবার (৭ নভেম্বর) রাজধানী সানার পূর্বে হুথি নিয়ন্ত্রিত বানি হুশাইশ এলাকায় এ বিমান হামলার ঘটনা ঘটে। রোববার (৮ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হুথি পরিচালিত সংবাদ সংস্থা সাবার তথ্যমতে, হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন। এমনকি উদ্ধারকর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে।

সানার সেহাতুনা হাসপাতালের পরিচালক আবদুল আজিজ আল-দাইলামি জানান, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।

তবে হামলার বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করতে পারেনি রয়টার্স। সৌদি আরবের আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র জানিয়েছে, তারা এ ঘটনার প্রতিবেদন তদন্ত করছে।

উল্লেখ্য, ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে গত জুলাই থেকে নতুন করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর জবাবে ইয়েমেনে বিমান হামলা চালায় সৌদি আরব।

নতুন করে সংঘাত শুরুর পর ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এতে দেশটির মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com