মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি, আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৫:৪৮:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৫:৪৮:৩২ অপরাহ্ন

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতেছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর চূড়ান্ত আয়োজন। সেখানে বিচারকদের রায়ে বিজয়ী হিসেবে সামিরা খান মাহির নাম ঘোষণা করা হয়।

বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। পরে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। এ সময় দুজনকে আবেগঘন মুহূর্তে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। তাদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানে সামিরার পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা পরেছিলেন হালকা নীল ও সিলভার রঙের গাউন। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।

আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামিরা খান মাহি আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে প্রতিযোগিতাটির ৭৫তম আসর। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সেখানে লড়বেন বাংলাদেশের এই প্রতিনিধি।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামিরা খান মাহি বলেন, “বাবা-মা আমাকে বলেছে, ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।”

ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসের জন্যও দর্শকদের কাছে পরিচিত তিনি। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি অর্জন করলেন এই মডেল ও অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২৫ সালে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন তিনি।

মিথিলার সাফল্যের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের দায়িত্ব পেলেন সামিরা খান মাহি। বিশ্বমঞ্চে দেশের জন্য নতুন সাফল্য বয়ে আনতে পারবেন কি না, এখন সেই অপেক্ষায় দেশের সৌন্দর্যপ্রেমীরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com