খুলনা মহানগরীর খালিশপুরে অন্য এক তরুণীর সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে অনিক হাসনাত মুন্না নামে এক তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকা ববি আক্তারের বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর আলমনগর বাজারসংলগ্ন পালপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত অনিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ববি আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান জানান, অনিক ও ববির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তাঁরা দুজনই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি অনিক অন্য এক তরুণীর সঙ্গে কথা বলায় ববি তাঁর ওপর মনঃক্ষুণ্ন ছিলেন।
ওসি আরও জানান, সোমবার সকালে তাঁদের দেখা হলে কথাবার্তার একপর্যায়ে ববি ছুরি দিয়ে অনিককে আঘাত করেন। পরে দুপুর ২টার দিকে অনিক থানায় এসে জানান, তিনি ববির বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চান না।
পুলিশ জানায়, দুজনের অভিভাবক থানায় এলে তাঁদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।
আহত অনিক হাসনাত মুন্নার বাড়ি ঝিনাইদহে। তিনি খুলনায় থেকে পড়াশোনা করেন। অন্যদিকে, ববি আক্তারের বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায়।