কাগজে-কলমে নয়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রকাশ্য লটারির মাধ্যমে নারী কর্মী নির্বাচন করা হচ্ছে নীলফামারীর ডিমলায়। পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় উপজেলার আরও তিন ইউনিয়নে ৩০ জন দরিদ্র ও অসহায় নারীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি ৪৫ জনকে রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়।
সোমবার (৯ নভেম্বর) ৯ নম্বর টেপাখড়িবাড়ি ও ১০ নম্বর পূর্ব ছাতনাই ইউনিয়নে এবং মঙ্গলবার (১০ নভেম্বর) ৪ নম্বর খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। প্রতিটি ইউনিয়ন থেকে ১০ জন করে কর্মী নির্বাচনের পাশাপাশি ১৫ জন করে অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করা হয়।
লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন, পূর্ব ছাতনাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা প্রোগ্রামার শাহনুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. বজলুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোকছেদুর রহমান, তছলিম উদ্দিন, কমিউনিটি অর্গানাইজার সাদ্দাম হোসেনসহ সংশ্লিষ্ট ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
লটারিতে নির্বাচিত নারীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রকাশ্য ও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী বাছাই হওয়ায় প্রকৃত উপকারভোগীদের সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সরকারি নীতিমালা অনুসরণ করে দরিদ্র ও অসহায় নারীদের নির্বাচন করা হচ্ছে। লটারিতে নির্বাচিতদের তথ্য যাচাই-বাছাই শেষে কোনো ধরনের তথ্য গোপন বা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগ বাতিল করা হবে।