বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৮:২৯:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৮:২৯:১৬ অপরাহ্ন
নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আত্রাই উপজেলা কমান্ডের আয়োজনে এবং ‘দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী’ ব্যানারে বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্ল্যাকার্ড, ব্যানার, জাতীয় ও লাল পতাকা হাতে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. আনিসুর রহমান বুলু, বীর মুক্তিযোদ্ধা মো. আফিল উদ্দিন, মো. খালেকুজ্জামান বুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, যাঁদের আত্মত্যাগ ও সাহসিকতার বিনিময়ে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সেই বীর মুক্তিযোদ্ধাদের শেষ বিদায়েও যদি অসম্মানিত হতে হয়, তা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। একজন মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বীর মুক্তিযোদ্ধারা ন্যায়বিচারের দাবিতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. আনিসুর রহমান বুলু বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। অথচ একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের মর্যাদার প্রতি চরম অবমাননা। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভবিষ্যতে যেন কোনো বীর মুক্তিযোদ্ধাকে এ ধরনের অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য রাষ্ট্র ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে অন্যান্য বক্তারাও বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁরা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন ও অসম্মান করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান এবং সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com