বগুড়ায় স্কুলব্যাগে ইয়াবার ‘বড় চালান’ নিচ্ছিলেন উত্তরবঙ্গে, পথেই ধরা পাপ্পু

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৫:০৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৫:০৭:৪৯ অপরাহ্ন
বগুড়ায় স্কুলব্যাগের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে সদরের টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইশরার হোসেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকার মৃত আজগার আলীর পুত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জানতে পারে, ঢাকা থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান উত্তরবঙ্গে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি অভিযানিক দল মহাসড়কের ওই এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালানো হয়।

ইশরার হোসেন পাপ্পু ওই বাসের টিকিটবিহীন যাত্রী ছিলেন। তার দেহ ও সঙ্গে থাকা নেভি ব্লু রঙের স্কুলব্যাগ তল্লাশি করে ব্যাগ থেকে ১৫টি পলি প্যাকেটে ৩ হাজার ইয়াবা পিস উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ করে ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩০০ গ্রাম। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও জব্দ করা হয়।

ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইশরার হোসেন জানান, দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com