মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৬:৩৪:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:৩৪:০০ অপরাহ্ন
রাশিয়া-চীনের পাশাপাশি এবার মার্কিন চাপ উপেক্ষা করে ইরানরে পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক, ইরাক ও পাকিস্তান।

সম্প্রতি সময়ে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে দেশটির স্থলসীমান্ত বন্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু প্রতিবেশী দেশ তুরস্ক, ইরাক ও পাকিস্তানের বিরোধিতায় মার্কিন সেই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলার শুরু থেকেই ইরানের জল ও আকাশপথের বাণিজ্য কড়া নজরদারিতে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এবার তাদের লক্ষ্য ছিল স্থলপথের বাণিজ্য বন্ধ করা। এই উদ্দেশ্যে তুরস্ক, ইরাক ও পাকিস্তান—এই তিন দেশকে সীমান্ত বন্ধ করতে চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে সীমান্ত বন্ধ করা তাদের পক্ষে সম্ভব নয়।

কারণ হিসেবে দেশগুলো জানিয়েছে, ইরানের সঙ্গে তাদের বিশাল অঙ্কের ব্যবসা রয়েছে। বিশেষ করে পাকিস্তান ও ইরাক জ্বালানি এবং বিদ্যুৎ আমদানির জন্য ইরানের ওপর অনেকখানি নির্ভর করে। তাছাড়া সীমান্ত এলাকার লাখ লাখ মানুষ এই বাণিজ্যের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিলে সেখানে বড় ধরনের গণঅস্থিরতা বা হাঙ্গামা ছড়িয়ে পড়ার ভয় রয়েছে। এই আশঙ্কায় তুরস্কও নিয়ম বদলাতে রাজি হয়নি, আর ইরাক ও পাকিস্তানও ওয়াশিংটনের মনমতো সীমান্ত বন্ধ রাখেনি।

কূটনৈতিকভাবে কাজ না হওয়ায় এবার নতুন এক পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত শনিবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অধীনে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে নতুন একটি দল গঠন করা হয়েছে। ফ্লোরিডায় অবস্থিত ২০ জনের এই বিশেষ দল সরাসরি যুদ্ধ করবে না, বরং তারা গোয়েন্দা তথ্য দিয়ে প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করবে যাতে তারা নিজেররাই অবৈধ অস্ত্র ও চোরাচালান আটকে দেয়।

ট্রাম্প প্রশাসন এখন মনে করছে, সামরিক হামলা চালানোর চেয়ে তেহরানের ওপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করাই বেশি কার্যকর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বলেছেন, ইরান এখন যে অর্থনৈতিক কষ্টের মধ্যে আছে, তাতে নতুন করে বোমা হামলার কোনো দরকার নেই।

অন্যদিকে, হাত গুটিয়ে বসে নেই ইরানও। মার্কিন চাপ সামলাতে এবং বাণিজ্য টিকিয়ে রাখতে তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্সের মোকাবিলা করতে গত মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com