পুঠিয়ায় এক বছরের শ্বাসরুদ্ধকর অভিযান: অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৭:৪৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৭:৪৭:১০ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় এক বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা অপহৃত এক স্কুলছাত্রীকে (১৬) সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রধান এজাহারনামীয় আসামি মো. হৃদয়কে (২৪) গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর মেয়েকে জীবিত ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তার বাবা। তবে মেয়ের জীবনের মূল্যবান একটি বছর কেড়ে নেওয়া অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতেন মো. হৃদয়। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হতো। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পূর্বপরিকল্পিতভাবে একটি মাইক্রোবাসে করে তাকে জোরপূর্বক অপহরণ করা হয়। পরদিন ভুক্তভোগীর বাবা মিজানুর রহমান বাদী হয়ে পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পর থেকেই নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে অভিযান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধানের পর গত বুধবার (১১ নভেম্বর) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বুধেরহাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এর দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল ও উপ-পরিদর্শক সোহেল সুমনসহ পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। এ সময় মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার এবং তার হেফাজত থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। অভিযানের সময় মামলার সহযোগী আসামি মো. শরিফুল ইসলামও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মেয়েকে উদ্ধারের বিষয়ে স্কুলছাত্রীর বাবা ও মামলার বাদী মিজানুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে মেয়েকে উদ্ধারের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে ছুটেছি। পুলিশ সুপার (এসপি) স্যারের কাছে লিখিত আবেদন করেছি, সার্কেল এএসপির সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু দীর্ঘদিন মামলার পেছনে দৌড়ঝাঁপ করেও কোনো প্রতিকার পাইনি। একপর্যায়ে বাধ্য হয়ে সাংবাদিক ভাইদের সহযোগিতায় মানববন্ধন করেছি। বিভিন্ন গণমাধ্যমও আমার পাশে দাঁড়িয়েছে। এত কিছুর পরও মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রশাসনের কিছু মানুষের দায়িত্বে অবহেলা ছিল বলেও মনে করি।

তিনি আরও বলেন, ‘অবশেষে গতকাল ১১ নভেম্বর বুধবার সাতক্ষীরা সদর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আশাশুনি থানার বুধেরহাট এলাকার একটি নির্জন বাড়িতে মেয়ের সন্ধান পাই। সেখানে ছেলেটি ও তার বাবাকে পাওয়া যায়। পরে পুঠিয়া থানার ওসি ও সার্কেল এএসপির নির্দেশনায় পুলিশের একটি দল ছেলেটিকে আটক করে পুঠিয়া থানায় নিয়ে আসে। দীর্ঘ প্রতীক্ষার পর মেয়েকে জীবিত উদ্ধার করতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি।’

কান্নাজড়িত কণ্ঠে মিজানুর রহমান বলেন, আমার অবুঝ শিশুটিকে নিয়ে যারা এমন নির্মম খেলা খেলেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। বর্তমানে পুঠিয়া থানা পুলিশ আমার মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেখেছে। আশা করছি, আগামী রোববার আদালতের মাধ্যমে মেয়েকে নিজের জিম্মায় ফিরে পাব। পুঠিয়া থানায় দেওয়া মেয়ের বক্তব্য অনুযায়ী, তাকে জোরপূর্বক তুলে নিয়ে সাতক্ষীরার বুধহাটা ইউনিয়নে প্রায় এক বছর আটকে রাখা হয়েছিল।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মহামান্য আদালতের কাছে বিচার দাবি করে তিনি বলেন, ‘আমার মতো আর কোনো বাবাকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। যে বয়সে আমার মেয়ের জীবন সুন্দরভাবে গড়ে ওঠার কথা ছিল, সেই বয়সেই তার জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি গভীরভাবে শঙ্কিত। কোনো বাবা-মায়ের বুক যেন এভাবে খালি না হয়। যারা আমার মেয়ের জীবন থেকে একটি মূল্যবান বছর কেড়ে নিয়েছে, আইনের মাধ্যমে তাদের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল। ভিকটিমকে উদ্ধারে পুলিশের একাধিক দল বিভিন্ন ছদ্মবেশে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা এক বছর ধরে চেষ্টা চালিয়েছে। অবশেষে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও দীর্ঘ অভিযানের মাধ্যমে সাতক্ষীরা থেকে মামলার প্রধান আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ওসি আরও বলেন, ‘গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুঠিয়া থানা পুলিশের অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com