প্রশিক্ষণে দ্বিতীয় শিবু দাশ, পুঠিয়ায় দায়িত্ব পালনের স্মৃতিতে প্রশংসিত

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৪:৪৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৪:৪৩:০৪ অপরাহ্ন
উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজশাহীর পুঠিয়ার সাবেক সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ সুমিত। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য আয়োজিত ৫৬তম ও ৫৭তম ‘উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা’ প্রশিক্ষণ কোর্সে এ সাফল্য অর্জন করেন তিনি। বর্তমানে তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ইউএনও হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি প্রশিক্ষণ শেষে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তাঁর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন শিবু দাশ সুমিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী।.

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি পেশাগত প্রশিক্ষণেও তাঁর এ সাফল্য নতুন করে আলোচনায় এনেছে পুঠিয়ায় দায়িত্ব পালনকালের নানা কর্মকাণ্ডকে। সেখানে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে জনসেবামূলক উদ্যোগ, মানবিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রেখে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেন তিনি।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ, অসহায় কিডনি রোগীকে আর্থিক সহায়তা, বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের পাশে দাঁড়ানো এবং মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা ছিল তাঁর উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে। এসব উদ্যোগের কারণে স্থানীয়দের কাছে তিনি জনবান্ধব ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।

পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব নেন শিবু দাশ। সেখানে দায়িত্ব পালনকালে সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি। পূজামণ্ডপ পরিদর্শন, জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, আইনশৃঙ্খলা সভায় মাদক ও জুয়া প্রতিরোধে গুরুত্বারোপসহ বিভিন্ন উদ্যোগে তাঁর সম্পৃক্ততা ছিল। এ ছাড়া গুচ্ছগ্রাম থেকে ৩১ বস্তা সরকারি গম জব্দের ঘটনাও আলোচনায় আসে।

এদিকে সাম্প্রতিক সরকারি আদেশে তাঁকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।

প্রশাসনিক দায়িত্ব পালনে অভিজ্ঞতার পাশাপাশি প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফল অর্জন তাঁর পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর এ সাফল্যে পুঠিয়ার স্থানীয়দের মধ্যেও আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। তাঁদের প্রত্যাশা, নতুন কর্মস্থলেও দক্ষতা, সততা ও মানবিকতার মাধ্যমে জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com