‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৫:১৯:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৫:১৯:১৬ অপরাহ্ন
শ্রমিক নেতাদের প্রস্তাব অনুযায়ী পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ করা হলে বাংলাদেশ বর্তমানে বিশ্ববাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে যে সুবিধাজনক জায়গায় আছে, সেটা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবে বলে মনে করেন স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর সাবেক পরিচালক মোস্তাফিজুর শোভন ইসলাম।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ অভিমত ব্যক্ত করেন এই গার্মেন্টস মালিক।

সাক্ষাৎকারে তিনি বলেন, হঠাৎ করে সিপিডি বলেছিল ১৭ হাজার ৫০০ টাকা; দুই তিন বছর আগেও দাবি ছিল ২৩ হাজার টাকা; এখন হঠাৎ এই ৩০ হাজার টাকা শ্রমিকদের মাথার ভেতর ঢুকিয়ে দেওয়া হলো এবং সবাই বলছে ৩২ থেকে ৪৮ হাজার টাকা। এটি কোথা থেকে এলো? এই মজুরি যদি আমরা আমাদের প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তুলনা করি, সেই বাস্তবতায় একেবারে অস্বাভাবিক। এটি দিয়ে বাংলাদেশের কোনো ইন্ডাস্ট্রি চলতে পারবে না।

মোস্তাফিজুর শোভন ইসলাম বলেন, আমরা বিশ্ববাজারে প্রতিযোগিতা করি। আমাদের জ্বালানি তেলের মূল্য অন্যান্য দেশের চেয়ে বেশি। আমাদের গ্যাস অপ্রতুল; গ্যাস আমরা পাচ্ছি না। আমদের অবকাঠামো অপ্রতুল; আমাদের যে লিড টাইম, সেটি সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে। কারণ, আমাদের সব কাঁচামাল নেই; আমাদের কাঁচামাল বিদেশ থেকে আনতে হয় এবং সেটি আমরা গার্মেন্টসে উৎপাদন করে রপ্তানি করি। কাজেই আমাদের সর্বমোট লিড টাইম ৭০ দিনের বেশি। সেখানে পৃথিবীর অন্যান্য দেশে লিড টাইম মাত্র ৪০ দিন; আমাদের চেয়ে অর্ধেক।

এই গার্মেন্টস মালিক আরও বলেন, যেখানে আমাদের লিড টাইম বেশি, অবকাঠামো অপ্রতুল, যুক্তরাষ্ট্র ও ইউরোপে পণ্য রপ্তানির জন্য যেখানে সরাসরি জাহাজ নেই, সেখানে আমাদের এই মূল্যটি কে দিবে এই প্রতিযোগিতার বাজারে? আমাদের তো সারা দুনিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। আমাকে যে বায়ারটি অর্ডার দিচ্ছে, একই বায়ার ভিয়েতনামে অর্ডার দিচ্ছে। একই বায়ার একই ব্র্যান্ড পাকিস্তানে অর্ডার দিচ্ছে। তারা তখন চিন্তা করবে, ‘আমি এত বেশি দাম দিয়ে কীভাবে বাংলাদেশ থেকে পোশাক নেব?’ তো স্বাভাবিকভাবেই অর্ডারটি অন্য কোনো হাতে চলে যাবে।

মোস্তাফিজুর শোভন ইসলাম বলেন, আমাদের যে মার্কেট পরিসংখ্যান আছে, সেটি আমাদের বলে— এখন যে মজুরি বিদ্যমান আছে, আমরা যদি তার ২০ থেকে ২৫ শতাংশের বেশি ন্যূনতম মজুরি নির্ধারণ করি, তাহলে এক বছরের মধ্যে আমাদের রপ্তানি অর্ধেক হয়ে যাবে। আমরা তো গত বছর ৪০ বিলিয়ন ডলার রপ্তানি করেছিলাম; এটি ২০ বিলিয়নে নেমে আসবে।

স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সরকার অত্যন্ত সাপোর্টিভ, মালিক-শ্রমিকদের নিয়ে অনেক সেনসিটিভ। তারপরও যদি আমাদের এই মজুরিটি নির্ধারণ হয়, আমি মনে করি বিশ্ববাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের সুবিধাজনক জায়গাটি আমরা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলব।

তিনি বলেন, স্বীকার করতে হবে যে প্রতিযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের সুবিধাজনক জায়গাটা হচ্ছে আমাদের জনবল। একদিকে প্রচুর শ্রমিক, আবার পারিশ্রমিক মোটামুটি অন্যান্য সবার কাছাকাছি এবং একটু কম। এটাই আমাদের কম্পিটিটিভ এডভান্টেজ ছিল। এই এডভান্টেজ যদি হারিয়ে ফেলি, তাহলে আমরা কীভাবে প্রতিযোগিতা করব?

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com