দুবাইয়ের রেস্তোরাঁয় প্রেম, পীরগঞ্জে এসে সংসার পাতলেন কেরালার অশ্বিনী

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৮:৪২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৮:৪২:৩৫ অপরাহ্ন
দুবাইয়ের একটি রেস্তোরাঁয় চোখাচোখি, সেখান থেকে ভালো লাগা, তারপর ভালোবাসা। শেষ পর্যন্ত আদালতে গিয়ে বিয়ে। সেই ভালোবাসার টানেই সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে ভারতের কেরালা থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর ভিটায় এসে উঠেছেন অশ্বিনী নামের এক তরুণী। তাঁর স্বামী মাসুদ রানা জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা।

বিদেশিনী নববধূর আগমনের খবর ছড়িয়ে পড়তেই তাঁকে এক নজর দেখতে প্রতিদিন রানার বাড়িতে ভিড় জমাচ্ছেন আশপাশের এলাকার উৎসুক মানুষ।

শনিবার (১৪ নভেম্বর) রানার বাড়িতে গিয়ে জানা যায়, ২০২১ সালের শেষ দিকে রোজগারের আশায় দুবাই পাড়ি জমান মাসুদ রানা। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ নেন। প্রায় তিন বছর পর ওই রেস্তোরাঁতেই যোগ দেন কেরালার তরুণী অশ্বিনী। কাজের সূত্রে দুজনের পরিচয়, ক্রমে ঘনিষ্ঠতা এবং একসময় তা রূপ নেয় প্রেমে। মাসুদ রানা জানান, পরস্পরকে মন দেওয়ার পর তাঁরা দুবাইয়ের আদালতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। পরে ভাড়া বাসায় প্রায় দুই বছর সংসার করেছেন তাঁরা। সম্প্রতি রানা দেশে ফেরেন। এরপর অশ্বিনী ভারত হয়ে বাংলাদেশে এসে পীরগঞ্জে শ্বশুরবাড়িতে ওঠেন। অশ্বিনী জানান, ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ারের দায়িত্বে থাকার সময়ই রানার সঙ্গে তাঁর পরিচয়। তাঁর ভাষায়, পরিচয় থেকে ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই ভালোবাসা। দুজনের পারস্পরিক পছন্দেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। অশ্বিনীর দাবি, তাঁর পরিবার এই সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে। শ্বশুরবাড়ির লোকজনও তাঁকে আপন করে নিয়েছেন। জীবনসঙ্গী হিসেবে রানাকে পেয়ে তিনি অত্যন্ত সুখী। দুবাই থেকে প্রথমে ভারতে গিয়ে পরে সেখান থেকে স্বামীর বাড়িতে আসেন বলেও জানান তিনি। শ্বশুরবাড়ির সবাইকে তিনি "খুব ভালো মানুষ" বলে উল্লেখ করেন। রানার মা জানান, দুবাইয়ে কর্মরত অবস্থায় তাঁর ছেলের সঙ্গে ভারতীয় ওই তরুণীর পরিচয় ও প্রণয় হয়, পরে তাঁরা বিয়ে করেন। বিষয়টি জানার পর পরিবার সম্পর্কটি মেনে নিয়েছে। ছেলে ও পুত্রবধূ এখন বাড়িতেই আছেন। পুত্রবধূকে তাঁরা পরিবারের একজন হিসেবেই গ্রহণ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অশ্বিনী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com