চাঁদা না পেয়ে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৪:৫৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৪:৫৮:০৭ অপরাহ্ন
ফেনীর পরশুরাম উপজেলায় চাঁদা না দেওয়ায় দোকানে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে যুবদল নেতা রাজীব রাজুকে গ্রেপ্তারের পর দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আল ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজীব রাজু উপজেলার মির্জানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগে তাকে যুবদল থেকে অব্যাহতি দেওয়া হয়।

জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) সকালে পরশুরাম উত্তর বাজারের ডাকঘর স্টিল ব্রিজ সংলগ্ন আমিনুল ইসলাম মিন্টুর দোকানে হঠাৎ লাঠি হাতে প্রবেশ করেন রাজীব রাজু। এ সময় তিনি মিন্টুর কাছে চাঁদা দাবি করেন এবং চাঁদার দাবি পূরণ না হওয়ায় লাঠি দিয়ে দোকানের আসবাবপত্র ও বিভিন্ন নিত্যপণ্য ভাঙচুর শুরু করেন।

অভিযোগ রয়েছে, ওই সময় রাজীব রাজু দোকানদার মিন্টুকে লাঠি দিয়ে আঘাত করেন এবং ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ লুটে নেন। পরে স্থানীয় লোকজন ব্যবসায়ী মিন্টুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আমিনুল ইসলাম মিন্টু বাদী হয়ে শনিবার বিকেলে পরশুরাম থানায় একটি অভিযোগ করার পর রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী আমিনুল ইসলাম মিন্টু বলেন, আমার অল্প একটু পৈতৃক জমি ছিল। সেটা বিক্রি করে স্টিল ব্রিজসংলগ্ন স্থানে একটি মুদি দোকান দিই। গত কয়েকদিন ধরে রাজু মোবাইলফোনে টাকা দাবি করে আসছিল। কিন্তু টাকা দিতে না পারায় শনিবার সকালে দোকানে ঢুকে ‍সে ব্যাপক ভাঙচুর চালায় এবং ক্যাশবাক্স থেকে নগদ টাকা নিয়ে চলে যায়।

এদিকে এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নাঈম উল্লাহ চৌধুরী বরাত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল) রাজুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দলের সুনাম ক্ষুণ্ন করার অপরাধ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তাকে দল থেকে অব্যাহতি দেন।

পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন গণমাধ্যমকে বলেন, রাজীব রাজু বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তাকে দল থেকে বহিষ্কারের জন্য গত জেলা যুবদলের কাছে চিঠি দেওয়া হয়েছিল। যার প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিন্টু বাদী হয়ে রাজীব রাজুর বিরুদ্ধে মামলা করলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com