​রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ৪

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৭:২৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৭:২৩:২৮ অপরাহ্ন
রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইয়ামিন আলী নামের এক আইনজীবী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে আদালত চত্বরের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) কার্যালয়ের সামনে ক্যানটিনের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন উপস্থিত আইনজীবী ও জনতা।

আটক ব্যক্তিরা হলেন, মেহেদী হাসান, মোঃ নিয়জম, মোঃ হাসানুল ও আব্দুল খালেক। আহত আইনজীবী ইয়ামিন আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে ইয়ামিন আলীর বিরোধ চলছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা করেন। রোববার মামলাটির শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে অভিযুক্তরা আদালত থেকে জামিন পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের কার্যক্রম শেষে ইয়ামিন আলী আরআরএফ কার্যালয়ের সামনে ক্যানটিনের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামিনপ্রাপ্ত আসামিসহ প্রতিপক্ষের লোকজন ইট, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

মলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে উপস্থিত আইনজীবী ও জনতা ধাওয়া দিয়ে চারজনকে আটক করেন। তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত ইয়ামিন আলীকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রইসুল ইসলাম বলেন, মামলা করার জেরে এর আগেও ইয়ামিন আলীকে আদালত চত্বরে মারধর করা হয়েছিল। ওই ঘটনায় মামলা হলেও পুলিশ সঠিক তদন্ত ছাড়াই চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। আগের ঘটনার বিচার হলে আজকের হামলার ঘটনা ঘটত না বলে মন্তব্য করেন তিনি।

রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী বলেন, আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীর ওপর এমন সশস্ত্র হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। আটক চারজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় সমিতির পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, হামলার ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com