সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার, পরে সেই ব্যক্তিকে মুক্তির নির্দেশ আদালতের!

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৭:৫১:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৭:৫১:৫৮ অপরাহ্ন
অভিনেত্রী সোনাক্ষী সিংহের বিকৃত ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এক ব্যক্তিকে। কিন্তু গ্রেফতারের পরেই নতুন মোড় নিল মামলার তদন্ত। পুলিশের গ্রেফতারির পদ্ধতিকে বেআইনি বলে জানিয়ে অভিযুক্তকে মুক্তি দেওয়ার নির্দেশ দিল মুম্বইয়ের আদালত।

অভিযোগ, সোনাক্ষীর কিছু বিকৃত ও অশ্লীল ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় ১৩ নভেম্বর, শুক্রবার মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শনিবার, ১৪ নভেম্বর দিল্লি থেকে গ্রেফতার করা হয় আরিয়ান দীপক জৈন নামে এক ব্যক্তিকে। দিল্লির শাহদরার জগৎপুরি থানা এলাকা থেকে সকাল ১০টা ১১ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। এর পর তাঁকে মুম্বইয়ের বান্দ্রা আদালতে হাজির করানো হয়।

তবে অভিযুক্তকে মুম্বইয়ে নিয়ে আসার আগে দিল্লির স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয়নি বলে জানায় আদালত। এই বিষয়টিকেই বেআইনি গ্রেফতারির অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেন বিচারক। আদালতের পর্যবেক্ষণ, দিল্লি থেকে সরাসরি অভিযুক্তকে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে। অথচ অন্য রাজ্য থেকে কাউকে গ্রেফতার করে নিয়ে আসার ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে চলা প্রয়োজন। কেন সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, তার সন্তোষজনক ব্যাখ্যাও নাকি দিতে পারেনি তদন্তকারী সংস্থা।

অন্য দিকে, বান্দ্রা পুলিশের তরফে অভিযুক্তকে তিন দিনের হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছিল। পুলিশের দাবি ছিল, যে মাধ্যম বা ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে সোনাক্ষীর বিকৃত ছবি তৈরি করা হয়েছিল, সেটির সন্ধান পাওয়া প্রয়োজন। পাশাপাশি, এই ঘটনায় আরও তদন্ত করতে চায় পুলিশ।

কিন্তু পুলিশের সেই আবেদনের বিরোধিতা করেন অভিযুক্তের আইনজীবীরা। তাঁদের দাবি, গ্রেফতারের আগে প্রয়োজনীয় নোটিস দেওয়া হয়নি অভিযুক্তকে। এমনকি তাঁকে গ্রেফতারির কারণও জানানো হয়নি। আইনজীবীদের আরও বক্তব্য, দিল্লির স্থানীয় আদালতে হাজির না করিয়েই অভিযুক্তকে বিমানে করে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে।

আদালত জানায়, অভিযুক্তের বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, তাতে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সে ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস)-এর ৩৫(১)(বি) ধারার নির্দিষ্ট নিয়ম মেনে গ্রেফতার করতে হয়। গ্রেফতার কেন প্রয়োজন, তার কারণও নথিভুক্ত করা বাধ্যতামূলক। কিন্তু তদন্তকারী আধিকারিক সেই নিয়ম যথাযথ ভাবে মেনেছেন, এমন প্রমাণ আদালতে পেশ করা যায়নি বলেই খবর।

বিচারকের পর্যবেক্ষণ, শুধু তদন্তের স্বার্থে কোনও ব্যক্তিকে গ্রেফতার করে হেফাজতে রাখা যায় না। তার জন্য আইনে নির্ধারিত নিয়ম মেনে চলা জরুরি। সেই কারণেই এই গ্রেফতারিকে বেআইনি বলে ঘোষণা করে অভিযুক্তকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য, সম্প্রতি শুধু সোনাক্ষী নন, বলিউডের আরও কয়েক জন অভিনেত্রীর বিকৃত ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের ছবি বিকৃত করার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com