মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৫:২৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৫:২৩:০০ অপরাহ্ন
আবারও সর্বাত্মক যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। পাল্টাপাল্টি হামলা শুরুর মধ্য দিয়ে নতুন করে যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরুতে বাহরাইনে নিজেদের ঘাঁটিতে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর-আইআরজিসির ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একইসঙ্গে নিজেদের আত্মরক্ষার যুক্তি দিয়ে পরবর্তীতে ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

অন্যদিকে আইআরজিসি তাদের বিবৃতিতে দাবি করেছে, বাহরাইনে ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার সিস্টেম লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে তারা। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দেওয়ার জন্যই এই হামলা চালানো হয়েছে বলে দাবি বাহিনীটির।

কেশম দ্বীপের হরমোজগানের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা জানান, দ্বীপটির বেশ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র হামলা করেছে। তবে, এতে সেখানকার আবাসিক, বাণিজ্যিক বা সরকারি কোনো স্থাপনার ক্ষতি হয়নি বলেও জানান ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধারকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সংবাদসংস্থা ইরনা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কেশম দ্বীপে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, বাহরাইনে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। এই হামলার জবাবেই কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

বাহরাইনে মূলত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থান করে। কয়েক সপ্তাহের বিরতির পর পাঁচ দিনের মধ্যে বাহরাইনে এটি ছিল ইরানের তৃতীয় ড্রোন হামলা।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত শুক্রবারের হামলাটি ছিল সেপ্টেম্বরের পর উপসাগরীয় কোনো দেশে ইরানের প্রথম হামলা।

এদিকে রয়টার্স জানিয়েছে, বাহরাইনের একটি আদালত ইরানের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর এ হামলা চালানো হয়। দণ্ডিত ব্যক্তিদের বেশিরভাগই শিয়া ধর্মীয় নেতা।

এছাড়া মঙ্গলবার গভীর রাতে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রুপক্ষের ড্রোন হামলা’ মোকাবিলা করছে। এ সময় জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে, কিংবা এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি কুয়েতের সেনাবাহিনী।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com