বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা বাতিল করলেন বিচারক

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৫:২৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৫:২৯:১০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের অবস্থানের মেয়াদ সীমিত করার পরিকল্পনা বাতিল করেছেন ফেডারেল আদালতের একজন বিচারক।

সোমবার (১৬ নভেম্বর) ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নিয়মের বিরুদ্ধে বোস্টনের ফেডারেল বিচারক ডেনিস সেলর এ রায় দেন।

প্রস্তাবিত নিয়মের মাধ্যমে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের অবস্থানের মেয়াদ নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ করার উদ্যোগ নিয়েছিল। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্নাতকোত্তর পর্যায়ের গবেষক এবং পোস্টডক্টরাল গবেষকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় নিয়ন্ত্রণ করার পরিকল্পনা ছিল।

আদালতের রায়ে বিচারক ডেনিস সেলর প্রশাসনের এই উদ্যোগকে যথাযথ আইনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রস্তাবটি স্বেচ্ছাচারী, খামখেয়ালি এবং আইন অনুযায়ী প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশ এফ-১ ভিসায় পড়াশোনা করেন। অন্যদিকে, গবেষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাবিদদের মধ্যে জে-১ ভিসাধারীরাও রয়েছেন। এসব ভিসার মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে পড়াশোনা, গবেষণা ও নির্দিষ্ট কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

প্রশাসনের এ প্রস্তাব কার্যকর হলে বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নিয়ে নতুন বিধিমালা তৈরি হতো বলে মনে করেন সচেতন মহল। ফলে দীর্ঘমেয়াদি গবেষণা, উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি ও একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা ছিল।

আদালতের এই রায়ের ফলে প্রশাসনের প্রস্তাবটি কার্যকর হয়নি। তবে সংশ্লিষ্ট ভিসার অন্যান্য নিয়ম, ভিসার মেয়াদ, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন এবং অভিবাসনসংক্রান্ত শর্ত আগের মতোই প্রযোজ্য থাকবে। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী, গবেষক ও তাদের পরিবারের জন্য আদালতের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। সূত্র: কেএফএফ হেলথ নিউজ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com