ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৭:১৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৭:১৪:৫৫ অপরাহ্ন
দিনে একবার ভাত না খেলে শান্তি হয় না, এ কথা বলেন অনেকেই। ভাত শুধু সহজপাচ্য নয়, হজমেও সহায়ক। দৈনন্দিন তৃপ্তিদায়ক খাবারের মধ্যে ভাত একটি। কিন্তু যখন ডায়াবিটিস বা ওজন কমানোর প্রসঙ্গ ওঠে, ভাত যেন চিরশত্রু হয়ে যায়। ডায়াবেটিকেদর ভাত খাওয়ায় নিয়ন্ত্রণ চলে আসে।

ডায়াবিটিস হলে ভাত এড়িয়ে চলা ভাল, এ কথা বলেন অনেকেই। কিন্তু ভাত ছাড়া যাঁদের স্বস্তি হয় না তাঁরা কী করবেন? পু্ষ্টিবিদেরা বলছেন, ভাত হোক বা রুটি, ডায়াবেটিকদের জন্য কোনও খাবার খাওয়াই পুরোপুরি বাদ নয়।

ছত্তীসগঢ়নিবাসী পুষ্টিবিদ খুশি ছাবড়া জানাচ্ছেন, সাদা ভাতের গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি। ফলে ভাত খেলে দ্রুত রক্তে শর্করা বাড়তে পারে। তবে ভাতের সঙ্গে পুষ্টিকর শস্য, ডাল বা কুচোনো সব্জি মিশিয়ে রান্না করলে এর গ্লাইসেমিক লোড অনেকটাই কমে যায়, দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং শরীরে প্রয়োজনীয় পুষ্টিগুণও পৌঁছোয়।

সাদা ভাত: সাধারণ সাদা ভাত সরাসরি খেলে রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে এবং ওজন কমানোর প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে।

অর্ধেক চাল ও অর্ধেক কিনোয়া: যাঁরা ওজন কমাতে চাইছেন, তাঁদের জন্য সমপরিমাণ চাল ও কিনোয়া একসঙ্গে রান্না করে খাওয়া দারুণ কার্যকর।

অর্ধেক চাল ও অর্ধেক মুগ ডাল: ডায়াবিটিস এবং ইনসুলিন রেজ়িস্ট্যান্সের সমস্যা সামলাতে এই মিশ্রণটি সেরা।

অর্ধেক চাল ও অর্ধেক কড়াইশুঁটি: শরীরে ফাইবার এবং প্রোটিনের ঘাটতি মেটাতে চালের সঙ্গে সমপরিমাণ কড়াইশুঁটি মিশিয়ে রান্না করা অত্যন্ত উপকারী।

ভাত ও মিহি করে কুচোনো লাউ: শরীর আর্দ্র রাখতে শরীরে জলের জোগান ঠিক রাখতে এবং ওজন কমাতে লাউ কুচিয়ে ভাতের সঙ্গে রান্না করলে দারুণ ফল পাওয়া যায়।

ভাত ও গাজর: ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে এবং বার্ধক্যের ছাপ আটকাতে গাজর কুচিয়ে ভাতের সঙ্গে রান্না করে খাওয়া খুবই ভাল।

পুষ্টিবিদের মতে, প্রতিদিনের শর্করা জাতীয় খাবারের সঙ্গে বেশি পরিমাণে ফাইবার যুক্ত করলে ভাতের স্বাদ উপভোগ করার পাশাপাশি বিপাকক্রিয়া বা মেটাবলিক স্বাস্থ্যও পুরোপুরি সুরক্ষিত থাকে।

ডায়াবিটিস রোগীদের জন্য ভাত রান্নার সেরা কৌশল

ডায়াবিটিস রোগীদের জন্য ভাত খাওয়ার একটি অত্যন্ত সহজ এবং বিজ্ঞানসম্মত উপায় হল—ভাত রান্না করার পর তা ফ্রিজে রেখে ঠান্ডা করা এবং খাওয়ার আগে ফের গরম করে নেওয়া। ‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’-এ প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, সদ্য রান্না করা প্রতি ১০০ গ্রাম সাদা ভাতে যেখানে ০.৬৪ গ্রাম রেজ়িস্ট্যান্ট স্টার্চ থাকে, সেখানে ভাত রান্না করে ২৪ ঘণ্টা ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজে রেখে ফের গরম করলে তাতে রেজিস্ট্যান্ট স্টার্চের পরিমাণ বেড়ে ১.৬৫ গ্রাম হয়। এই পদ্ধতিতে রান্না করা ভাত খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com