চট্টগ্রামে সোবাহান হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৫:৪৯:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৫:৪৯:০৫ অপরাহ্ন

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চাঞ্চল্যকর আব্দুস সোবাহান হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাছির (৪৫), হাজেরা (৪৫) ও মো. ফারুক (৪২)। তাদের মধ্যে নাছির ও হাজেরা মামলার এজাহারনামীয় আসামি এবং ফারুক তদন্তে সন্দিগ্ধ আসামি।

র‌্যাব জানায়, গত ১২ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটের দিকে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আব্দুস সোবাহান (৩৩)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকার মাদক স্পটের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে সোবাহানের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

র‌্যাব-৭, চট্টগ্রাম মামলাটির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে র‌্যাব-৭ ও র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com