রণবীরের সঙ্গে দাম্পত্যে সুখী নন আলিয়া? নিজেদের সম্পর্ক নিয়ে এ বার মুখ খুললেন অভিনেত্রী

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৬:৪৮:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৬:৪৮:৫৪ অপরাহ্ন
রণবীর কপূরের সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমে নানা সময়ে নানা আলোচনা হয়েছে। কখনও রণবীরের কোনও মন্তব্য, কখনও বা আলিয়ার কোনও পুরনো সাক্ষাৎকারের সূত্র ধরে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। এমনকি, আলিয়া নাকি স্বামীর সঙ্গে সংসার করতে গিয়ে নিজের ইচ্ছার সঙ্গে আপসও করেছেন। বার বার নানা ভাবে তাঁদের সম্পর্ককে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বলে দাবি আলিয়ার। এ বার সেই সব জল্পনার জবাব দিলেন অভিনেত্রী।

২০২২ সালের এপ্রিল মাসে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। দীর্ঘ কয়েক বছরের প্রেমের পরে চার হাত এক হয়েছিল তাঁদের। তার পর থেকেই এই তারকাদম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তাঁদের সাক্ষাৎকার থেকে শুরু করে প্রকাশ্যে একসঙ্গে কাটানো মুহূর্ত, অনেক কিছু নিয়ে নেটাগরিকের একাংশ নানা মন্তব্য করেছে।

এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী। তাঁর কথায়, “মেয়েদের মনের মধ্যে কী চলছে, তারা কী চাইছে, তা বোঝা উচিত বলেই আমি মনে করি এবং সব সময়ে মেয়েদের পক্ষেই কথা বলে এসেছি। সেখানে আমাকেই এমন ভাবে তুলে ধরা হচ্ছে, যে নাকি সংসারে অসুখী হয়ে দিন কাটাচ্ছে। এটা অত্যন্ত অপমানজনক।”

আলিয়ার মতে, তাঁদের সম্পর্কের সমীকরণ অনেকের প্রচলিত ধারণার সঙ্গে না মিলতেই পারে। কিন্তু তাই বলে সেই সম্পর্ক নিয়ে বাইরে থেকে নানা রকম সিদ্ধান্তে পৌঁছোনো উচিত নয়।

রণবীরের সঙ্গে তাঁর সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেন, “যে কোনও সম্পর্কের ভিত হল, কোনও চেষ্টা না করেই নিজের কথা অন্য জনকে বোঝাতে পারা। রণবীরের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক এমনই। এটাই আমাদের বাস্তব।”

আলিয়া ও রণবীরের দাম্পত্য নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। ২০২৩ সালের মে মাসে এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, ঝগড়ার সময়ে তাঁর গলার স্বর চড়ে গেলে রণবীর তা পছন্দ করেন না। তাঁর স্বামীর বিশ্বাস, মনখারাপ বা রাগ হলেও মানুষের উচিত অন্যের সঙ্গে সদয় আচরণ করা। সেই মন্তব্যের পরেই সমাজমাধ্যমে প্রশ্ন ওঠে, তবে কি স্বামীকে খুশি রাখতে নিজের স্বভাব বদলাতে হচ্ছে আলিয়াকে?

অন্য এক সাক্ষাৎকারে আলিয়া আরও একটি ঘটনার কথা জানিয়েছিলেন। তাঁর কথায়, রণবীর নাকি তাঁকে লিপস্টিক মুছে ফেলতে বলতেন। কারণ, স্ত্রীর ঠোঁটের স্বাভাবিক রংই তাঁর বেশি পছন্দ। আলিয়া বিষয়টি হালকা মেজাজে বললেও নেটাগরিকদের একাংশের চোখে তা হয়ে ওঠে স্বামীর নিয়ন্ত্রণ করার প্রবণতার উদাহরণ। এর পরেও একাধিক বার নেটাগরিকের একাংশ মনে করেছে, আলিয়াকে নিয়ন্ত্রণ করে রণবীর। তবে অন্য আর এক দলের অবশ্য বক্তব্য, প্রত্যেক দম্পতির সমীকরণ ভিন্ন হয়। বাইরে থেকে মন্তব্য করা উচিত নয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com