খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে: ভূমিমন্ত্রী মিনু

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৭:২০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৭:২০:৪৫ অপরাহ্ন
ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেম জাগ্রত করে। তাই নতুন প্রজন্মকে শিক্ষার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও দক্ষ করে গড়ে তুলতে হবে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি রাজশাহীর শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের ঐতিহ্য তুলে ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাঁদের রাজশাহীর ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার আহ্বান জানান।

নিজের ছাত্রজীবনের ক্রীড়াস্মৃতি স্মরণ করে তিনি বলেন, একসময় ১ হাজার ৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন ও সবুজ রাখার ওপর গুরুত্ব দিয়ে ভূমিমন্ত্রী শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি আম ও লিচুসহ বিভিন্ন ফলদ গাছ রোপণের আহ্বান জানান। পরে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষাবিদরা।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে ভূমিমন্ত্রী জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ৩২টি কলেজের ৯৫০ জন শিক্ষার্থী ছেলে ও মেয়ে গ্রুপে মোট ৭২টি ইভেন্টে অংশ নিচ্ছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com