নাচোলে সার পাচারে জড়িত ডিলারেরা ধরাছোঁয়ার বাইরে

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৯:৪৮:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৯:৪৮:৫৮ অপরাহ্ন
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সার সংকটের মধ্যেই অবাধে সার পাচারের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ডিলারদের লাইসেন্স বাতিল,মামলা বা জেল না দিয়ে নামমাত্র জরিমানা করায় তারা বার বার একই অপরাধ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, যেখানে এক ট্রাক সার কালোবাজারে বিক্রি করলে প্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকা মুনাফা হয়। সেখানে সার ধরা পড়লে ১০ থেকে ২০ হাজার টাকা জরিমানা দিতে সমস্যা কোথায় ? তাদের লাইসেন্স বাতিল ও জেল দেয়া হলে তারা এসব অপরাধ করার সাহস পাবে না।

স্থানীয় কৃষকরা সারের জন্য হাহাকার করলেও একশ্রেণির অসাধু ডিলার সিন্ডিকেটের মাধ্যমে প্রতিনিয়ত অন্য উপজেলায় সার পাচার করে দিচ্ছেন। পাচার রোধে কৃষি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও স্থানীয় জনতা বেশ কয়েকবার পাচারকালে হাতেনাতে সারসহ যানবাহন আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে। তবে রহস্যজনক কারণে সার জব্দ হলেও মূল হোতা ও জড়িত ডিলারেরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নাচোল উপজেলায় সারের বরাদ্দ বাড়ানো হলেও কৃত্রিম সংকট কাটেনি। এক বস্তা সারের জন্য কৃষকদের মধ্যরাত থেকে ডিলারদের গুদামের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, উপজেলার বরাদ্দকৃত সার স্থানীয় কৃষকদের না দিয়ে বেশি মুনাফার লোভে সিন্ডিকেটের মাধ্যমে পার্শ্ববর্তী উপজেলাগুলোতে পাচার করা হচ্ছে।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আঝইর বাজারের বিসিআইসি সার ডিলার নিলয় ট্রেডার্স-এর গুদাম থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের উদ্দেশ্যে দুই ট্রলি সার পাচার করা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে ওই দিন সন্ধ্যায়ই পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া সারবোঝাই অপর একটি অটোভ্যান আটক করে জনতা। পরে খবর পেয়ে কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ১০ বস্তা ডিএপি সার জব্দ করেন।

স্থানীয় বাসিন্দা নিয়াজ জানান, নিলয় ট্রেডার্স থেকে সার পাচারের খবর পেয়ে এলাকাবাসী ১০ বস্তা ডিএপি সারসহ অটোভ্যানটি আটক করে কৃষি অফিসে খবর দেয়। পরে নিশ্চিত হওয়া যায়, সারগুলো অন্য উপজেলায় পাচারের জন্য যাচ্ছিল।

স্থানীয়রা জানান, এর আগেও উপজেলায় একাধিকবার সার পাচারের ঘটনা ঘটেছে। নিলয় টেড্রার্স একাধিকবার সার পাচার করে ধরাও পড়েছে। কিন্ত্ত অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে দৃশ্যমান তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।তাদের ভাষ্য,কতিপয় কৃষি কর্মকর্তার নেপথ্যে মদদেই তারা এই অপকর্ম করে আসছে।

এদিকে গত ৮ নভেম্বর নাচোল থেকে শিবগঞ্জে পাচারের সময় আঝইর বাজারের হামিদের ডিপের কাছ থেকে ১৫ বস্তা ডিএপি সার আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে সারগুলো জব্দ করেন। এছাড়া গত ২৬ অক্টোবর উপজেলার খেসবা গ্রামের ডিলার তৌফিকের প্রতিষ্ঠান থেকে ৯ বস্তা ডিএপি ও ৯ বস্তা এমওপিসহ মোট ১৮ বস্তা সার শিবগঞ্জে পাচারের সময় হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে প্রশাসন ও কৃষি কর্মকর্তারা গিয়ে সেগুলো জব্দ করেন। এছাড়া গত বুধবার সন্ধ্যায় মেমো ছাড়া সার বিক্রির অভিযোগে মধ্যবাজারে মেসার্স এনআর ট্রেড্রার্স এর সামনে থেকে স্থানীয় জনগন এক ভ্যান ডিএপি সার জব্দ করে।

স্থানীয় কৃষক রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, বারবার জনতার হাতে সার আটক ও প্রশাসনের জব্দের ঘটনা ঘটলেও অভিযুক্ত ডিলারদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ডিলারদের লাইসেন্স বাতিল বা মামলা না হওয়ায় তারা বারবার একই অপরাধ করার সাহস পাচ্ছেন। জড়িত ডিলারদের সঙ্গে কৃষি বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে কি না, তা নিয়েও জনমনে তীব্র সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা কুষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিকুল ইসলাম বলেন, যেখানে যে সমস্যা হচ্ছে সেখানেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে এবং এটি একটি আইনগত প্রক্রিয়া।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com