পানের ঝুড়ির আড়ালে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ফজলুল কাদের (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার মুনিরিয়া মার্কেটের মেসার্স হযরত মালেক শাহ্ নামের পানের আড়তের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ি তল্লাশি করে সাদা কাপড়ের শপিং ব্যাগ থেকে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ফজলুল কাদের কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা। তার পিতার নাম মৃত জালাল আহমদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে অধিক দামে বিক্রি করে আসছিলেন।
অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।