বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর একটি দল ফাঁদ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
দুদক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণকাজের পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত ঠিকাদার শেখ নোমান রেজার কাছে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন প্রকৌশলী রুবেল খান।
অভিযোগ অনুযায়ী, ঘুষ দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পের কাজে বাধা দেওয়া, বৈধ বিল আটকে রাখা এবং বিল অনুমোদনের সুপারিশ না করার হুমকি দিয়ে ঠিকাদারকে হয়রানি করেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার দুদকের কাছে লিখিত অভিযোগ করেন। পাশাপাশি ঘুষ গ্রহণের সময় ওই কর্মকর্তাকে হাতেনাতে ধরতে ফাঁদ অভিযান পরিচালনার আবেদন জানান।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদন নিয়ে সোমবার পটুয়াখালী দুদক কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান পরিচালনা করে। এ সময় এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় প্রকৌশলী মো. রুবেল খানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীতে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে জেলহাজতে পাঠানোর কার্যক্রম চলছে।