গ্রামীণ ব্যাংকের শাখায় ধারাবাহিক হামলা-অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ইউনূসের

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৫:৫৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৫:৫৭:২১ অপরাহ্ন

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক দিনগুলোতে দেশে পরিকল্পিত অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও কার্যক্রমের বিবরণ তুলে ধরে ইউনূস বলেন, ব্যাংকটি দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। এর ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশ নারী। ঋণগ্রহীতাদের হাতে ব্যাংকের ৯০ শতাংশ শেয়ার এবং সরকারের কাছে বাকি ১০ শতাংশ শেয়ার রয়েছে। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি।

তাঁর মতে, গ্রামীণ ব্যাংকে হামলা মানে লাখ লাখ দরিদ্র নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। এসব ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী পরিস্থিতির মুখে পড়ছেন। ফলে গ্রামীণ নারীদের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে ইউনূস আরও বলেন, হামলাকারীরা মিথ্যা প্রচারণার মাধ্যমে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এমনকি তিনি কখনো ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও ছিলেন না।

তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচলিত আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, হামলার শিকার শাখাগুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা কেবল একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং কোটি মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের আকাঙ্ক্ষার ওপরও আঘাত।

সবশেষে গ্রামীণ ব্যাংকের দেশি-বিদেশি বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস। দরিদ্র নারীদের মালিকানাধীন এ ব্যাংককে রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com