নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৮:২৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৮:২৬:৩৩ অপরাহ্ন
বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর ৪০ সদস্যকে শান্তিকালীন পদক দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম পদকপ্রাপ্তদের হাতে এসব পদক তুলে দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান, পেশাগত উৎকর্ষ, দায়িত্বনিষ্ঠা, শৃঙ্খলা ও সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এ পদক দেওয়া হয়েছে।

পদকপ্রাপ্তদের মধ্যে তিনজন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচজন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচজন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাতজন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) পেয়েছেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান পদকপ্রাপ্ত সদস্যদের পেশাগত নিষ্ঠা, কর্মদক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।

দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এ ধরনের স্বীকৃতি নৌ সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও আন্তরিকতা ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান।

অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পদকপ্রাপ্ত সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের অসামান্য অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর শান্তিকালীন পদক দেওয়া হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com