নওগাঁর রাণীনগরে ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার গভীর রাতে ঘটনা ঘটলে রাতেই অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রুহুল আমিন কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও কাশিমপুর মঙ্গলপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তাঁকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, বুধবার গভীর রাতে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের খাড়ানপুকুর বাজারস্থ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় পুলিশ।
এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে অফিসের ৬টি চেয়ার, ব্যানার, ছামানা এবং টিনের কিছু অংশ পুড়ে যায়।
ঘটনায় করজগ্রাম বালিয়াপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে বিএনপি নেতা আতাউর রহমান বৃহস্পতিবার সকালে বাদী হয়ে ২৩ জনকে এজাহারনামীয় এবং আরও ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন।
ঘটনার রাতেই অভিযান চালিয়ে কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল আমিনকে আটক করা হয়। আটক রুহুল আমিনকে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া একই রাতে উপজেলার গোনা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসেও আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে সেখানে তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।