ঈশ্বরদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় দুই স্ত্রীকে ৬ দিন তালাবদ্ধ করে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৫:৪৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৫:৪৩:৫১ অপরাহ্ন
পাবনার ঈশ্বরদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় দুই স্ত্রীকে ছয় দিন ধরে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে সুজন খাঁ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙে তাদের উদ্ধার করেছে পুলিশ।

গত ২০ নভেম্বর দুপুরের দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ছয় দিন পর গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাদের উদ্ধার করা হয়।

অভিযুক্ত সুজন খাঁ ওই এলাকার জামাল খাঁর ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন খাঁর প্রথম স্ত্রীর নাম শাপলা খাতুন এবং দ্বিতীয় স্ত্রীর নাম পুষ্প খাতুন। শাপলাকে বেশ কয়েক বছর আগে বিয়ে করেন সুজন খাঁ। আর সাত-আট মাস আগে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন পুষ্প খাতুনকে। প্রথম স্ত্রীর পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে।

স্থানীয়রা আরও জানান, সুজন খাঁর আচরণ ভালো না হওয়ায় এলাকার মানুষজন তার বাড়িতে তেমন যাতায়াত করতেন না। এ কারণে দীর্ঘ সময় ধরে দুই স্ত্রীকে ঘরে আটকে রাখার বিষয়টি কারও নজরে আসেনি। এদিকে প্রথম স্ত্রীর সন্তানকে তার মায়ের কাছ থেকে নিয়ে নানাবাড়িতে রেখে আসেন সুজন খাঁ। পরে স্থানীয় এক ব্যক্তি শিশুটির খোঁজখবর নিতে গেলে সে জানায়, তার বাবা তার মাকে ঘরে আটকে রেখেছেন। বিষয়টি জানার পর স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে দুই নারীকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের তালা ভেঙে দুই স্ত্রীকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী দুই স্ত্রীর অভিযোগ, সুজন খাঁ নিয়মিত তাদের নির্যাতন করেন। যৌতুকের টাকা দাবি করেন। এমনকি তাদের দুজনকেই জোরপূর্বক মাদক সেবন করতে বলেন। মাদক সেবনে বাধা দেওয়ার কারণেই তাদের ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে ইয়াবা সেবন ও নির্যাতনের অভিযোগও করেছেন তারা। স্থানীয়রাও তার মাদক সেবন ও খারাপ আচরণের বিষয়টি জানিয়েছেন।

অভিযুক্ত সুজন খাঁ পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘরের তালা ভেঙে দুই নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com